বুধবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার তাঁর সঙ্গে বৈঠক করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের বাইরে চলে যাওয়া আনন্দ শর্মাও মমতার সঙ্গে দেখা করেন৷
দিল্লিতে থাকাকালীন আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শরদ পওয়ার, শিবসেনার সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির অরবিন্দ কেজরীবালের সঙ্গেও দফায় দফায় বৈঠক করবেন মমতা।
তবে সনিয়ার সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কমল নাথ এদিন জানান, মানুষ সঙ্গে থাকলে যে সবই সম্ভব, বিধানসভা নির্বাচনে মমতা তা দেখিয়ে দিয়েছেন।