আজ, শুক্রবার রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা আবহে এই প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে বিশেষ ছাড়। থাকবে পর্যাপ্ত বাস পরিষেবা। এমনই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এবছর মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। মোট ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে করোনাবিধি মেনে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শনিবার দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড দেখালেই টিকিট দেওয়া হবে। পরীক্ষার্থীর সঙ্গে যেতে পারবেন অভিভাবকরাও।
মেট্রোর ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকছে। তবে পরীক্ষার্থীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।