করোনা সংক্রমণ কমলেও নিয়মে কোনও ফাঁক রাখা যাবে না। কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের এই ভাষাতেই চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চিঠিতে রাজ্যগুলিকে কোভিড মোকিবিলায় ৫টি কৌশল নিশ্চিত করার কথা বলেছেন তিনি। ওই ৫টি কৌশল হল-- কোভিডের উপযুক্ত আচরণবিধি মানা, নমুনা পরীক্ষা, আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণ।
কোভিড বিধিনিষেধে ঢিলেমি দেওয়া যাবে না বলে ফের মনে করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। জানিয়েছেন, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে জোর দিতে হবে। ভাল্লা আরও জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে কোভিডের শৃঙ্খল ভাঙতে টিকাকরণ গুরুত্বপূর্ণ। তিনি রাজ্যগুলিকে টিকাকরণের গতি বাড়াতে বলেছেন, যাতে কম সময়ে অনেক নাগরিককে টিকা দেওয়া যায়।