আপাতত বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়। বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয় এই কথা। আগে বাস নামান পরে বাস ভাড়া বাড়ানোর কথা ভাবা যাবে, বেসরকারি বাস মালিকদের এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে।সোমবার বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন নবান্নে বৈঠক হয় তাঁদের। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, আপাতত বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, অর্থাৎ যা ভাড়া তাতেই বাস নামাতে হবে রাস্তায়।সিদ্ধান্তের পর বাস মালিকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়, তাঁরা কোনও ধর্মঘট করেননি, তবে এতে বহু পরিবারের রুজি রুটির প্রশ্ন রয়েছে। ভাড়া বাড়ানো না হলে ব্যবসা চালানো সম্ভব নয় বলেও জানান বাস মালিকরা।