৩ দিন কেটে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লন্ডভন্ড সুন্দরবন। মৌসুনি দ্বীপ এখনও জলমগ্ন। বিধ্বস্ত গঙ্গাসাগর,ঘোড়ামারা,কাকদ্বীপ,নামখানা,ফ্রেজাগঞ্জ, রায়দিঘি, গোসাবা,পাথরপ্রতিমা। ভেসে গিয়েছে ঘরবাড়ি। ভেসে গিয়েছে চাষের জমি। শেষ সম্বলটুকু হারিয়ে অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। কেউ কেউ খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, খাবার নেই, মিলছে না পানীয় জলও। তিনদিন পেরিয়ে গেলেও প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ। খুব তাড়াতাড়ি মৌসুনি দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, আশ্বাস প্রশাসনের।ছোট ছোট গ্রামগুলি এখন এক একটা আস্ত নদী। ঘুরে দাঁড়ানোর লড়াই এখন সুন্দরবনবাসীর কাছে বড় চ্যালেঞ্জ।