করোনা সংক্রমণের দ্বিতীয় ঝড়ের রেশ এখনও কাটেনি৷ তার আগেই তৃতীয় ধাক্কার আতঙ্ক ছড়াচ্ছে ডেল্টা প্লাস স্ট্রেন। ইতিমধ্যেই ভারতের তিন রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে ওই নতুন স্ট্রেনটি। ওই তিন রাজ্যকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্রীয় সরকার।
মহারাষ্ট্র, কেরল ও মধ্যপ্রদেশকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক চিঠিতে জানিয়েছে, মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পলক্কড় ও পঠানামথিট্টা এবং মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরী জেলার করোনা আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স করে ২২ জনের শরীরে ডেল্টা প্লাস স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে।
যে এলাকাগুলিতে ডেল্টা প্লাসের নমুনা পাওয়া গিয়েছে, সেখানে নজরদারি কয়েক গুণ বাড়ানো দরকার। চিঠিতে তিন রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে বলা হয়েছে— ওই এলাকাগুলিকে অবিলম্বে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করে সেখানে গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে। জিনোম সিকোয়েন্সের জন্য পরীক্ষা বাড়াতে হবে, আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, তা দ্রুত চিহ্নিত করতে হবে। ডেল্টা প্লাস ছড়ানো এলাকাগুলিতে একশো শতাংশ টিকাকরণে জোর দিতেও বলা হয়েছে।