করোনার দ্বিতীয় ঢেউ একটু কমতেই পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছিল পাহাড়ে। ভিড় জমছিল ক্যুইন অব হিলসে। তারপরই ক্রমশ সংক্রমণ বেড়ে যায় দার্জিলিং-এ।
আচমকা সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে পর্যটকদের ভিড়কেও একটা কারণ হিসেবে দেখছে দার্জিলিং জেলা প্রশাসন। সেইমতো গত ১৪ জুলাই থেকে কড়া বিধিনিষেধ লাগু হয়েছে জেলায়।
পর্যটকদের জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট আগেই বাধ্যতামূলক করা হয়েছে। RTPCR টেস্টের রিপোর্ট ৩ দিনের বেশি পুরনো হওয়া চলবে না। প্রতি ক্ষেত্রেই চেক করা হচ্ছে পর্যটকদের ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে কি না, আরটিপিসিআর টেস্টের রিপোর্ট না থাকলে পর্যটকদের ফেরতও পাঠানো হচ্ছে। পাহাড়ে ওঠার প্রথম ধাপ সুকনা, নিউ জলপাইগুড়িতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।