বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায়খোঁজ মিলল ৯ জন মৎসজীবীর। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১০ মৎস্যজীবী। দিনভর তল্লাশির পর বুধবার রাতে উদ্ধার হয়েছে ৯ জন মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ এক জন। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
ডুবে যাওয়া ট্রলারটিকে বুধবার রাতেই উদ্ধার করা হয়। সেটিকে আনা হয়েছিল পাতিবুনিয়া ঘাটে। ট্রলার থেকে জল খালি করার পর কেবিনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৯ মৎস্যজীবীদের দেহ। তবে এখনও নিখোঁজ নামখানার হরিপুরের বাসিন্দা অনাদি শাসমল নামে এক মৎস্যজীবী। বৃহস্পতিবার দেহগুলির ময়নাতদন্ত করা হবে কাকদ্বীপ হাসপাতালের মর্গে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে। নিখোঁজ একজন মৎস্যজীবীর খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি।