শনিবার সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের কাছে মালঞ্চ পদ্মপুকুরে চামড়ার কারখানায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কারখানার প্রায় ১১ জন শ্রমিক জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) তমাল সরকার এবং ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গাঙ্গুলি। তাঁদের কাছে ওই কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারখানাটি সিল করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদ্মপুকুরে বেশ কয়েক বছর ধরে ওই কারখানা চলছিল। চামড়া দিয়ে বিভিন্ন রকম সামগ্রী তৈরি হত এই কারখানায়। শনিবার সকালে চামড়া ট্যান করার কাজ চলছিল। সেই সময় বিদ্যুৎ চালিত মেশিন থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তারপরই বিস্ফোরণ হয়। এরপর কারখানার মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় শ্রমিকদের বের করেন তাঁরা। স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাঁদের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।