ভোট পরবর্তী হিংসাকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা এলাকা। বিজেপির অভিযোগ রবিবার রাতে সোদপুর স্বদেশী মোড়ে বি টি রোডের উপর বিজেপির একটি ক্যাম্পের সামনে ৩/৪টি বাইকে করে বেশ কিছু দুষ্কৃতী এসে পর পর ৫টি বোমা চার্জ করে। তার মধ্যে একটি বোমা না ফাটায় খড়দহ থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে। এরপর ফের পরপর দুটি বোমা চার্জ করা হয়। এর জেরে বিজেপি কর্মীরা পাশেই তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় বেশ কিছু দোকানেও। রাস্তায় থাকা পুলিশের ট্রাফিক ক্যাম্প ফেলে দেওয়া হয়। এরপর বিজেপি কর্মীরা বিটি রোড অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট অবরোধ চলে। অবরোধ উঠে গেলে সোদপুর অমরাবতীর মাঠের কাছে ফের দু'পক্ষে বোমাবাজি হয়।