দিনভর বৃষ্টি । দুর্যোগের মধ্যে রোদে-জলে ভিজে স্বাস্থ্যভবনের সামনে ধর্না দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা । উঠছে জাস্টিসের স্লোগান । ঘড়িতে তখন দুপুর ১২টা বেজে ৫৫ মিনিট । সেইসময় হঠাৎ, জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলন তুলে নেওয়া অনুরোধ করেন, আলোচনার কথা বলেন । মুখ্যমন্ত্রী যখন ধর্নামঞ্চে দাঁড়িয়ে তাঁর বার্তা পৌঁছে দিচ্ছেন, সেইসময় ওই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু পিছনেই দাঁড়িয়েছিলেন ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো । জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তিনিই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । এদিন, মুখ্যমন্ত্রী তাঁকে 'বাবু' বলে সম্বোধন করেন । অনুরোধ করেন । পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবতে বলেন তাঁকে । পরে সংবাদমাধ্যমকে অনিকেত জানান, তাঁরা যে কোনও মুহূর্তে, যে কোনও জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ।
কে এই অনিকেত মাহাতো
ঝাড়গ্রামের ছেলে অনিকেত । তাঁকে ঝাড়গ্রামের ভূমিপুত্র বলা হয় । আর জি কর কলেজ ও হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি । জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকেই তাঁকে আন্দোলনকারীদের প্রথম সারিতে দেখা গিয়েছে । জানা গিয়েছে, আন্দোলনের মূল সংগঠক হিসেবে অনিকেতকেই বেছে নিয়েছেন আন্দোলকারীরা । এত বড় আন্দোলন সংগঠিত করার দক্ষতার জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে । রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞ চোখ আন্দোলনের প্রধান মুখকে চিনে নিয়েছে ।
অনিকেতের সঙ্গে পাঁচ মিনিট কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর । তাঁর সঙ্গে কী কথা হয়েছে, সেই বিষয়ে অনিকেত জানান, মুখ্যমন্ত্রীর এখানে আসাটাকে তাঁরা সদর্থক ভূমিকা হিসেবে দেখছেন । তাঁরা যে কোনও সময় আলোচনায় বসতে রাজি । উনি অনুরোধ করেছেন । জুনিয়র ডাক্তারদের তরফে তাঁরা জানিয়ে দেন, আলোচনার জন্য বসতে রাজি তাঁরা ।
RG কর কাণ্ডে গত ৩৪ দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। অপরাধীদের শাস্তির দাবির পাশাপাশি আরও কয়েকটি দাবি পূরণে টানা বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা। বারবার নবান্ন থেকে মেল পাঠানো হলেও লাইভ স্ট্রিমিং-য়ে রাজ্য সরকার রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়।
এরপর আজ অর্থাৎ শনিবার ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি আন্দোলন তোলার আবেদন করার পাশাপাশি আলোচনারও প্রস্তাব দেন। পরে মুখ্যসচিবের তরফে মেইল করা হয় কালীঘাটে বৈঠকের জন্য । এরপর জুনিয়র ডাক্তারদের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত । কালীঘাটে সন্ধে ৬টার সময় বৈঠকের ডাক দেওয়া হয়েছে । নির্ধারিত সময়ের কিছুটা পরে কালীঘাটে পৌঁছন জুনিয়র ডাক্তাররা ।