মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই বিষয়টি জানিয়ে ইতিমধ্যে নবান্নে ইমেল করেছেন তাঁরা।
এবিষয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আহ্বায়ক অনিকেত মাহাত জানিয়েছেন, আন্দোলনকারীরা আলোচনায় বসতে চান। কারণ, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ইতিবাচক।
তিনি বলেন, "আমাদের দাবি মেনেই আলোচনা করা হবে। পাঁচ দফা দাবি নিয়ে নবান্নে যাওয়া হবে। লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে আমরা অনড় থাকছি। কারণ, আমরা স্বচ্ছতা চাই। নবান্নে যখন সময় দেবে, তখনই আমরা আলোচনা করতে যাব। আমাদের কোনও শর্ত নেই। আমাদের শুধু পাঁচ দফা দাবি রয়েছে।"
RG কর কাণ্ডে গত ৩৪ দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। অপরাধীদের শাস্তির দাবির পাশাপাশি আরও কয়েকটি দাবি পূরণে টানা বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা। বারবার নবান্ন থেকে মেল পাঠানো হলেও লাইভ স্ট্রিমিং-য়ে রাজ্য সরকার রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়।
এরপর আজ অর্থাৎ শনিবার ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি আন্দোলন তোলার আবেদন করার পাশাপাশি আলোচনারও প্রস্তাব দেন। এরপর জুনিয়র ডাক্তারদের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এবং সেই মর্মে মেলও পাঠানো হয়েছে।