আর কয়েক বছর পরে এই রেলপথেই ছুটবে বুলেট ট্রেন। কিন্তু আদৌ কী আমাদের দেশের বুলেট ট্রেন চলার জন্য সুরক্ষিত এই রেলপথ। সোমবার ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই প্রশ্ন আরও একবার উঠে গেল। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ? ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই তা বলা সম্ভব।
কিন্তু তার আগে দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে নানা তথ্য। কখনও দায়ী করা হয়েছে সিগন্যালিং ব্যবস্থাকে, কখনও আবার দায়ী করা হয়েছে মালগাড়ির মৃত চালককে। তবে রেলের একটি সূত্র থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় দায় থাকতে পারে স্টেশন মাস্টারের। কারণ, ওই রেলপথের একটা অংশে অটোমেটিক সিগন্যাল ঠিক ছিল না বলেই অভিযোগ উঠেছে।
প্রশ্ন হচ্ছে, এরপরেও ওই ট্র্যাকে কী ভাবে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যাওয়ার অনুমতি দেওয়া হল। রেল বোর্ডের দাবি, এক্ষেত্রে সিগন্যাল মানেনি মালগাড়ি। তার জেরেই রাঙাপানিতে এদিনের এই দুর্ঘটনা বলেই দাবি রেল মন্ত্রকের।