দুবরাজপুরের বিস্ফোরণ কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল চার জনকে। এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত দু'জনেই সিভিক ভলেন্টিয়ার। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই গোপন ডেরা থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুরে।
দিন কয়েক আগেই দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুর গ্রামের বাসিন্দা শেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এছাড়াও ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় শেখ আজম-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে শেখ রাজু ও মীর বজায় ওরফে ভন্টু নামে দু'জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।
ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই তাঁদেরই বাড়ি থেকে মঙ্গলবার ফের বন্দুক এবং বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন ডেরায় অভিযান চালিয়ে একটি একনলা দেশি বন্দুক, দু'টি দু'নলা দেশি বন্দুক এবং প্রায় এক কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে দু'জনকেই দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।