RG কর কাণ্ডের শুনানি পর্বে এবার ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুললেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি। মৃত চিকিৎসকের দেহের সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
RG কর কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। সেই শুনানিতে মৃত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টটি দেখার জন্য অনুরোধ করেন ফিরোজ এডুলজি। পাশাপাশি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের কাছে তিনি প্রশ্ন তোলেন, নির্যাতিতার পোশাক কি ময়নাতদন্তের সময় চিকিৎসককে দেওয়া হয়েছিল? এমনকি ওই পোশাকগুলি সিল করা অবস্থায় ছিল কিনাও প্রশ্ন তোলেন তিনি। এর জবাবে কপিল সিব্বল জানান, তাঁরা ময়নাতদন্তের রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছেন।
অন্যদিকে ময়নাতদন্ত করার সময় নিয়েও প্রশ্ন তোলেন এডুলজি। তাঁর বক্তব্য, কোর্টের নির্দেশ মেনে কোথাও সন্ধে ৬টার পর ময়নাতদন্ত করা হয়না। কিন্তু সেই নির্দেশ না মেনে এক্ষেত্রে সন্ধে ৬টার পর নিহত চিকিৎসকের ময়নাতদন্ত করা হয়েছিল।
ভিডিয়োগ্রাফি নিয়েও অভিযোগ তুলেছেন এডুলজি। তাঁর বক্তব্য়, পুরো ঘটনায় কে ভিডিয়োগ্রাফি করেছেন সেবিষয়ে কোনও তথ্য নেই। এমনকি, পুরো ভিডিয়ো কোন ডিস্কে রাখা হয়েছিল সেনিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট তৈরির সময় গাফিলতির অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তাঁর বক্তব্য, ঠিক কোন সময় ময়না তদন্তের রিপোর্ট বানানো হয়েছিল তা উল্লেখ করা হয়নি। যদিও তার জবাবে কপিল সিব্বল জানিয়েছেন, সব উল্লেখ রয়েছে রিপোর্টে।
এদিকে সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, আগামী সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই । তদন্তে কতটা অগ্রগতি হয়েছে, তা রিপোর্টে উল্লেখ করবে সিবিআই । মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।