রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলার পর কালবৈশাখী এসে স্বস্তি দিয়েছিল। আবহাওয়া দফতর (Weather department) জানাল, এই স্বস্তি আরও কিছুদিন চলবে।
দক্ষিণ আন্দামান সাগরে (South Andaman sea) ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবারের মধ্যেই এই ঘুর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তিশালী হয়ে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই গোটা সিস্টেমটির ওপর আবহাওয়াবিদরা নজর রাখছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারি বৃষ্টির সর্তকতা।
আরও পড়ুন: ফের শুটআউট মগরাহাটে, সুদের কারবার নিয়ে ঝামেলা, নিহত এক ব্যবসায়ী
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather department) অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণ আন্দামান সাগর (South Andaman sea) ও সংলগ্ন অঞ্চলে একটা ঘুর্ণাবর্ত রয়েছে। ৬ মে নাগাদ সেখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পরে অর্থাৎ ৮ মে নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে"।
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।