এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে। মৃত ওই যুবকের নাম শান্তনু মণ্ডল(৩০)। রবিবার সকালে ক্যানিংয়ের রায়বাঘিনী সংলগ্ন সবুজপল্লী এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রের খবর, পরিবারের একমাত্র সন্তান শান্তনু মণ্ডল। বনদফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তবে, বেশ কয়েকদিন আগে সেই কাজ ছেড়ে দেন তিনি। শনিবার বাড়ি থেকে ১০০ টাকা নিয়ে বেরিয়েছিলেন শান্তনু। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায় না।
এরপর রবিবার সকালে বাড়ির কাছাকাছি নন্দনপল্লী এলাকার একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় ক্যানিং থানায়। পরিবারের লোকের কাছে খবর পৌঁছতেই ঘটনাস্থলে আসেন তাঁরা। জলাশয় থেকে উদ্ধার হওয়া ওই যুবকের মৃতদেহ বাড়ির লোক শনাক্তকরণ করে। এরপর পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, অত্যাধিক মদ্যপানের কারণে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে, ময়নাতদন্তের রিপোর্ট না পেলে পরিষ্কারভাবে কিছুই জানা যাচ্ছে না। অন্যদিকে, ছেলের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তাঁরা শান্তনু মণ্ডলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছে।