পুজোর আগে বর্ষার অন্য রূপ দেখছে বঙ্গবাসী। বাংলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি। এর মধ্যেই জোড়া ঘূর্ণাবর্তের জেরে, বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি। এর জেরে সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। কলকাতায় রবিবার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।