অনুব্রত কন্যা সুকন্যা গ্রেফতার হলে, কেন অমিত শাহ পুত্র জয় শাহকে গ্রেফতার করা হবে না ? জনসংযোগ যাত্রায় বীরভূমের মুরারই থেকে এবার এই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, দেড়শ গুণ সম্পত্তি বেড়েছে বলে সুকন্যাকে গ্রেফতার করা হয়েছে। অমিত শাহের ছেলের আশি হাজার গুণ সম্পত্তি বেড়েছে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না। রাজনৈতিক মহলের মতে, এই প্রশ্ন তুলে রাজ্যে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আক্রমণ করলেন অভিষেক। ঘটনাচক্রে এদিন কলকাতাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়েছে তৃণমূল। নাম না করে কটাক্ষ করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রাজনৈতিক মহলের মতে, জনসংযোগ যাত্রায় বীরভূমে এসেই অনুব্রত তাস খেলে দিলেন অভিষেক। কাকতালীয় ভাবে এদিনই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে দুয়ে দুয়ে চারের অঙ্ক মিলিয়েই সুকন্যার গ্রেফতারির প্রসঙ্গ এদিন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ১১ অগস্ট গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার হন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই বছরের ২৬ এপ্রিল সুকন্যাকে একই মামলায় গ্রেফতার করে ইউি।
মুরারইয়ের সভা থেকে অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক। তাঁর দাবি, ইডি বলছে, গরু চুরিতে প্রত্যক্ষ ও পরোক্ষে মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহের অধীনে। ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসা করবে? শুধু তৃণমূল নয়, জয় শাহের সম্পত্তি বৃদ্ধি নিয়ে এর আগেও বিরোধীরা সরব হয়েছিল। এবার সরাসরি জয় শাহের গ্রেফতারির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দাবি উঠল কেষ্ট মণ্ডলের বীরভূম থেকেই।