সিনেমার মধ্যে দিয়ে বারবার সামাজিক বার্তা দিতে চেয়েছেন ঋতাভরী চক্রবর্তী । 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' কিংবা 'ফাটাফাটি'-পর আবারও সমাজকে বার্তা দিতে আসছেন অভিনেত্রী । তবে, এবার সিনেমা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে ঋতাভরীকে । সিরিজের নাম 'নন্দিনী' । এটাই প্রথম ওয়েব সিরিজ ঋতাভরীর । সুরিন্দর ফিল্মসের ব্যানারেও প্রথম কাজ ।
সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাসের অবলম্বনে তৈরি হবে এই সিরিজ। পরিচালনায় নবাগত মীর ফালাক । সন্তানসম্ভবা মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে । কন্যা ভ্রুণ হত্যা নিয়েই এই সিরিজ । এখনও গ্রাম থেকে শহর, শিক্ষিত পরিবার সর্বত্রই এধরনের ঘটনা ঘটে। সমাজকে তার বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য এই কাজ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ঋতাভরী । তাঁর বিপরীতে অভিনয় করবেন কিঞ্জল নন্দ । এছাড়া রয়েছেন, সুহোত্র মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, শ্বেতা ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায় ।
সিরিজে, ঋতাভরী একদিন হঠাৎই জানতে পারেন তাঁর প্রেগন্যান্সিতে সমস্যা আছে । শ্বশুরবাড়ির পরামর্শে গর্ভপাতের সিদ্ধান্ত নেয় সে । কিন্তু, তার আগের মুহূর্তেই সামনে আসে কঠিন সত্য । ঋতাভরী জানতে পারেন, তাঁর পেটে কন্যাসন্তান থাকাতেই গর্ভপাত করাতে চাইছেন শ্বশুরবাড়ির লোকজন । সত্যিই কি তাই নাকি অন্য সত্য লুকিয়ে আছে গর্ভপাতের পিছনে, এই নিয়েই গল্প এগোবে ।