টলিউডে অভিনয়ের জন্য যতোটা প্রশংসা কুড়িয়েছেন, ততোটাই শিরোনামে এসেছেন চাঁচাছোলা স্বভাবের জন্য। সাহসী চরিত্র হোক অথবা সাহসী স্টেটমেন্ট, প্রথমেই মনে আসে ঋতাভরী চক্রবর্তীর নাম। গোটা দেশ যখন কলকাতার আরজি কর হাসপাতালের ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড়, টালিগঞ্জে মেয়েদের যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক সত্যি সামনে আনলেন ঋতাভরী।
সম্প্রতি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের যৌন হেনস্থা সংক্রান্ত একগুচ্ছ তদন্তের ব্যাপারে তৎপর হয়েছে কেরালা সরকার। ২০১৭ সালে নির্যাতিতা অভিনেত্রীর ঘটনার পর কেরল সরকার যে হেমা কমিটি গঠন করে, তাদের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই এই তৎপরতা। এবার সেই প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করলেন ঋতাভরী। অভিনেত্রীর দাবি, এ ধরণের যৌন হেনস্থার ঘটনা টালিগঞ্জের একাধিক মহিলার সঙ্গে ঘটে চলেছে। প্রভাবশালী নায়ক, পরিচালক, প্রযোজকরাই হেনস্থা করেন বলে দাবি ঋতাভরীর। এবার সেই ব্যাপারেই মুখ খোলার আর্জি জানিয়েছেন 'ভিক্টিম'দের।
মুখ খুললে কাজ কমতে পারে, বা কাজ একেবারেই না আসতে পারার ঝুঁকিও রয়েছে, স্বীকার করেছেন 'ব্রহ্মা জানেন'-এর নায়িকা। তবু, মুখ না খুললে এই অন্যায় চলবেই, ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে, নবাগতাদের কথা ভেবেই বিচারের জন্য আওয়াজ তোলার আর্জি ঋতাভরীর। যৌন হেনস্থাকারীদের অনেকেই আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে মিছিল করেছেন, বলে দাবি অভিনেত্রীর। কেরালা সরকারের মতো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করুক পশ্চিমবঙ্গ সরকার, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন ঋতাভরী।