এই গরমে কাঠ ফাটা রোদে ঘণ্টার পর ঘণ্টা খোলা আকাশের তলায় লাইন দিয়ে দাঁড়িয়ে প্রবীণ মানুষগুলো। কী? না করোনা ভ্যাকসিন নিতে এসেছেন! লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়ছেন কত জন। ছবিটা ভাবাচ্ছিল দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্তকে। মেডিকা হাসপাতালের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সারা। চলতি মাসের মাঝামাঝি থেকেই প্রিয়া সিনেমা হতে চলেছে ভ্যাক্সিনেশন সেন্টার। নীচে নাম নথিভুক্তের ব্যবস্থা থাকবে। গরমে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করার বদলে নীচে শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে বসবেন টিকা নিতে আসা নগারিকরা। সেই সময় পর্দাজুড়ে চলবে জনপ্রিয় ছবি! উপরের তলে টিকা নেওয়ার পরে পর্যবেক্ষণের জন্য ফের থাকবে ঠান্ডাঘরে বসার সুযোগ। তখনও পর্দাজুড়ে চলবে সিনেমা। সিনেপ্রেমী শহরে এই ঘোর দুঃসময়ে যেন কিছুটা রঙের ছোঁয়া।