কানাঘুষোয় খবরটা ছিলই টলি পাড়ায়। এবার প্রায় নিশ্চিত হওয়া গেল। বড় পর্দায় আসতে চলেছে অঞ্জন দত্তেরকালজয়ী চরিত্র বেলা বোস । সূত্রের খবর সিনেমাটির নাম হতে পারে ‘বেলা বোসের জন্যে’ ।
বেলা বোসের সামাজিক ও রাজনৈতিক জীবন কে ঘিরেই তৈরি হয়েছে সিনেমার গল্প। স্ক্রিপ্ট এখনও লেখা শেষ হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অঞ্জন দত্ত। পরিচালক জানিয়েছেন, “কিছু পুরনো গানকে এই সিনেমায় তুলে ধরা হবে। এবং বেলা বোসের যে আসল গানটি আছে তার সঙ্গেও কিছুটা সম্পর্কযুক্ত হবে চিত্রনাট্য। তা না হলে বিখ্যাত ফোন নম্বর ২৪৪১১৩৯ ফোন নম্বরটির গুরুত্ব থাকবে না।
সিনেমাটির চরিত্রে কে কে অভিনয় করছেন? এই প্রশ্নের কোনও জবাব দেননি পরিচালক। তিনি জানিয়েছেন, কারা থাকবেন সিনেমায় তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অঞ্জনের পুত্র নীল দত্ত সিনেমার গান তৈরি করছেন। আশা করা যাচ্ছে, সব কাজ শেষ করে চলতি বছরের শীতের সময়ে মুক্তি পাবে এই ছবি ৷