কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এমভি রামানাকে দেওয়া ৬ পাতার চিঠিতে একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশ ও পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অশোক দেবের অভিযোগ, নারদ, নন্দীগ্রাম মামলার মতো রাজ্য সরকারের মামলাগুলিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়।
চিঠিতে বলা হয়েছে, নারদ মামলায় গ্রেফতার হওয়ার ফিরহাদ হাকিম-সহ অন্যদের অন্তর্বর্তিকালীন জামিনের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। যদিও কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সেই জামিন খারিজের নির্দেশ দেন। এই মামলায় তাঁর ভূমিকা মোটেই সঠিক নয় বলে অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে হাই কোর্টে সিবিআই-র আবেদনের পদ্ধতি নিয়েও।