নির্বাচন পরবর্তী হিংসার আবহে এ যেন একেবারে অন্য মেজাজ। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দীর বাড়ি গিয়ে মিষ্টি মুখ করালেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী জুন মালিয়া। বুধবার মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিজেপি পার্থী শমিত দাসের বাড়ি যান জুন। সার্কিট হাউস মোড়ে গাড়ি থেকে নেমে বাকি রাস্তা পায়ে হেঁটেই শমিতের বাড়িতে যান তিনি। শমিতও বেরিয়ে এসে তাঁকে অভ্যর্থনা জানান। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জুন শমিতকে জানান, ভাইফোঁটা দিতে তাঁর বাড়ি আসবেন তিনি।
এ নিয়ে জুন বলেছেন, ‘‘অশান্তি নয়। শান্তি চাই। আমরা দু’জনেই শান্তির বার্তা দিতে চাই দুই দলের কর্মী সমর্থকদের। উন্নয়ন তো একা করা যায় না। হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছি।’’ আর শমিত এ নিয়ে বলেছেন, ‘‘জুন আমার দিদি। ওঁর অভিনয় ভাল লাগে। তিনি এখন বিধায়ক। এক সঙ্গে কাজ করার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’’