রাজনীতি ছাড়ার কথা জানিয়ে বাবুল সুপ্রিয় ফেসবুকে লিখেছিলেন, তিনি অন্য কোনও দলে যাবেন না। কিন্তু পর ক্ষণেই সেই লাইনটি মুছে ফেলেন তিনি। কেন তিনি ওই লাইনটি মুছে ফেললেন, এর পিছনে কি অন্য কোনও ইঙ্গিত রয়েছে তা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, তখমই শনিবার রাতেই তিনি আরও একটি পোস্ট করেন ফেসবুকে। সেই পোস্টে তাঁর বক্তব্য আরও স্পষ্ট করলেন বাবুল।
নতুন ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি, এই লাইনটা জুড়তে গিয়ে আসল লেখাটা থেকে একটি গুরুত্বপূর্ণ লাইন মুছে গিয়েছিল।' সেই লাইনটি মুছে যাওয়ায় অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানান বাবুল। সেই বিভ্রান্তি কাটাতেই আবার ফেসবুকে ওই লাইনটি তুলে ধরে পোস্ট করেছেন।
আপাতত যে তাঁর অন্য কোনও দলে যোগ দেওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, তা নিশ্চিত করছেন বাবুলের অনুগামীরাও। তবে তৃণমূলের এক শীর্ষ নেতার কথা, এটি সাময়িক। বাবুল দীর্ঘদিন রাজনীতি ছেড়ে থাকবেন না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বাবুল সাংসদ পদে ইস্তফা দিয়েছেন কিনা তা জানতে চাওয়া উচিত।