করোনা আবহে রাজ্য সরকারের অব্যবস্থার প্রতিবাদ করে গ্রেফতার হলেন তিন বিজেপি বিধায়ক। রবিবার শিলিগুড়ির হাসমিচকে কোভিড বিধি মেনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। পুলিশের অনুরোধেও তাঁরা নিজেদের অবস্থান থেকে সরে না আসায় শেষমেষ শিলিগুড়ি থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শঙ্কর ঘোষ বলেন, "রাজ্য তথা শিলিগুড়ির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসনের অপদার্থতা চরমে উঠেছে। আমরা এসব বরদাস্ত করব না।"