ডেল্টা প্রজাতির কোভিড-১৯ ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামক। এমনটাই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রজাতির ভাইরাসের প্রথম খোঁজ মেলে ভারতে। এখন তা ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে WHO।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, টিকা বৈষম্যের জন্যই ডেল্টা প্রজাতির ভাইরাসের সংক্রমনের ক্ষমতা বাড়ছে। উন্নয়নশীল দেশগুলি পর্যাপ্ত টিকা পাচ্ছে না। উন্নত দেশগুলির সমালোচনা করে তিনি জানান, অবিলম্বে গোটা পৃথিবীর সঙ্গে টিকা ভাগ করে নেওয়া উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মতে, কয়েক দশক আগের এইডস মহামারী এবং সোয়াইন ফ্লুয়ের সময় যে ভুল হয়েছিল, এখনও তার পুনরাবৃত্তি হচ্ছে। সেই সময়ও দরিদ্র দেশগুলিতে অনেক দেরিতে পৌঁছেছিল টিকা।