আবারও কমল রাজ্যের দৈনিক সংক্রমণের হার। গত একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। সামান্য হলেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১০ জন। বেড়েছে সুস্থতার হার।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮১ জন উত্তর ২৪ পরগনার। দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে দার্জিলিং। গত একদিনে সংক্রমিত সেখানকার ৭৭ জন। তৃতীয় স্থানে কলকাতা। গত একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে গত একদিনে সংক্রমিত ৪৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।
একদিনে পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৪,৯৫৮।