পুলিশের অনুমতি ছাড়াই রেড রোডে টোকিও অলিম্পিকে অ্যাথলিটদের সমর্থনে দৌড়ের আয়োজন করল বিজেপির যুব মোর্চা। শান্তিপূর্ণ ভাবেই শেষ হল সেই কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্ব।
সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে রেড রোডের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়। অশান্তি রুখতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ। তবে পুলিশের তরফে এই ম্যারাথন আটকানোর কোনও চেষ্টা করা হয়নি। শান্তি পূর্ণভাবেই শেষ হয় এই ম্যারাথন।
দৌড় শুরু হওয়ার আগে দিলীপ ঘোষ বলেন, অলিম্পিক্সে যে ভারতীয়রা লড়ছেন তাঁদের প্রতি এটি একটি শ্রদ্ধাজ্ঞাপন। দেশজুড়ে মানুষকে উৎসাহিত করার জন্য যুবকদের নিয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। বাংলার পুলিশ আর সরকারের অভ্যাস হয়ে গেছে বিজেপিকে বাধা দেওয়ার। কিন্তু তা সফল হবে না।