বিজেপি নেতা তথা সাংসদ সুনীল মণ্ডল তাঁকে খুনের হুমকি দিয়েছেন। এমনই অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, দাঁইহাটের এক কর্মিসভায় সুনীল বলেন, রবীন্দ্রনাথ যদি বুঝতে পারেন তৃণমূল হেরে যাবে, তাহলে ফলপ্রকাশের আগেই কাটোয়া থেকে বেরিয়ে যাবেন। ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সুনীল মণ্ডল এই বক্তব্যের মাধ্যমে তাঁকে কার্যত ঘিরে রেখে বিচার করে, প্রাণে মারার হুমকি দিয়েছেন। এমনকী, সুনীল বিশেষ লোকজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন, যাতে তাঁকে ঘিরে রাখা হয়। তিনি যাতে পালাতে না পারেন।
রবীন্দ্রনাথের দাবি, ঘিরে রেখে তাঁকে মারার পরিকল্পনা করছেন সুনীল। এই প্রেক্ষিতে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ। এমনকী নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, এর আগে, নন্দীগ্রামেও সুনীল মণ্ডল তাঁকে হুমকি দিয়েছেন। তা নিয়েও কমিশনকে জানিয়েছেন তিনি।