ফের রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মুকুন্দপুর এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে এক মহিলা-সহ ৫ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। তাঁদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তৃণমূলের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের এক কর্মীকে হেনস্থা করার চেষ্টা চলছিল। রবিবার এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান তৃনমূল নেতৃত্ব। সেই সময় আচমকাই হামলা চালান বিজেপির কর্মীরা। তৃণমূল কর্মীদের উপর টাঙ্গি নিয়ে হামলা হয় বলে দাবি৷ কয়েকজনকে মাথায় ক্ষুব দিয়ে আঘাত হয় বলে অভিযোগ। কয়েকজন তৃণমূল কর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও এক মহিলা-সহ ৫ জনকে বেধড়ক মারধর করা হয় ধারাল অস্ত্র দিয়ে।
অন্যদিকে বিজেপির দাবি, একটি গ্রাম্য বিবাদের জেরে গন্ডগোলের সৃষ্টি হয়। এর সঙ্গে কোনও বিজেপি কর্মী যুক্ত নয়।