বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের একটি টুইটকে কেন্দ্র করে তৈরি হল তীব্র বিতর্ক। ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির নাম উল্লেখ করে তিনি ট্যুইট করেন, 'ক্রিকেটার না হলে সিরিয়া গিয়ে আইএসআইএস-এ নাম লেখাতেন মঈন আলি।'
আইএসআইএস একটি ইসলামিক জঙ্গি সংগঠন। তসলিমার এই ট্যুইটে শোরগোল পড়ে যায়। কেন আচমকা এরকম বিতর্ক তৈরি করলেন তসলিমা, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।
বাংলাদেশি লেখিকাকে পাল্টা আক্রমণ করেছেন ইংল্যান্ড দলে মঈন আলির সতীর্থ ও তারকা পেসার জোফ্রা আর্চার। তিনি ট্যুইট করেন, 'আপনার মাথার ঠিক আছে তো? আমার মনে হয় না ঠিক আছে বলে।'
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মঈন। দু'দিন আগে তিনি তাঁর জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলাম ধর্মে অ্যালকোহলের প্রচার করা নিষিদ্ধ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন। তাঁর ভাবাবেগকে সম্মান জানাতে সিএসকে কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়।