প্রতি বছর বিধানসভা নির্বাচনে রাজ্যের যে কেন্দ্রগুলি রাজনৈতিক মহলের আগ্রহের শীর্ষে থাকে, সেগুলির অন্যতম হল যাদবপুর৷ একসময় বাম-দুর্গ হিসেবে পরিচিত ছিল এই অঞ্চল। উদ্বাস্তু আন্দোলনের ধারাবাহিকতায় দশকের পর দশক শক্ত সংগঠন ছিল বামফ্রন্টের দলগুলির৷ এই কেন্দ্র থেকে নির্বাচিত হতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে পালাবদলের হাওয়ায় বুদ্ধদেবকে হারিয়ে দেন তৃণমূলের মনীশ গুহ। কিন্তু ২০১৬ সালে ফের কেন্দ্রটি দখল করে সিপিএম। জয়ী হন সুজন চক্রবর্তী। এই বছর অবশ্য কঠিন লড়াই। সুজনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেবব্রত (মলয়) মজুমদার। কলকাতা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর তিনি। বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর ২০১৪ সালে মথুরাপুর লোকসভায় সিপিএমের প্রার্থী ছিলেন। ২০১০ থেকে ছিলেন ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর। নির্বাচনের ঠিক আগে দল বদলে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি। প্রচারের শেষলগ্নে সুজনের সঙ্গে কথা বলল এডিটরজি। হেভিওয়েট বামপ্রার্থীর দাবি, তাঁর দুই প্রতিপক্ষই দলবদলু। সুজন বলেন, "বিজেপি প্রার্থী তো বটেই, তৃণমূল প্রার্থীও দলবদল করেছেন। উনি বহুদিন বিজেপি-আরএসএস করার পর তৃণমূলে গিয়েছেন৷ মানুষ বলছেন এখানে আমিই একমাত্র ধর্মনিরপেক্ষ প্রার্থী। জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত।"