কোচবিহারে নির্বাচন পরবর্তী হিংসা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক তরজা অব্যাহত। বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ধনখড়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছিলেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যপালের ইস্তফার দাবি জানানো হয়। এরই মধ্যে এ বার রাজ্যপালকে নিশানা করে টুইট করলেন তৃণমূলের তারকা নেত্রী সায়নী ঘোষ। টুইটারে তিনি লেখেন, "একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এখন বাংলায় বিজেপির সব হাতের পুতুলরা গান্ধি হওয়ার চেষ্টা করছেন।" এছাড়া রাজ্যপালকে সরাসরি সায়নীর প্রশ্ন, "আপনার হৃদয় কি তখন ভারাক্রান্ত হয়েছিল যখন ভোটের সময় বিজেপির উদ্ধত নেতারা বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও নির্দোষের হত্যা হওয়া উচিত ছিল?"