করোনা আবহে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে একাধিক ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। অতিমারীর ফলে আপদকালীন স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা চাঙ্গা করতে ৫০ হাজার কোটি টাকা নগদ বাজারে আনার ঘোষণা করেছেন তিনি। এই টাকার মাধ্যমে ভ্যাকসিন নির্মাতা, হাসপাতাল, অক্সিজেন উৎপাদকদের ঋণ দেওয়া যাবে। পাশাপাশি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে ২৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওভারড্রাফ্টের ক্ষেত্রে রাজ্য সরকারকে বাড়তি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস। এসএলটিআরও-র মাধ্যমে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।