সোমবার আইকোর মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন না মানস ভুঁইয়া। রাতভর বৃষ্টির জেরে তাঁর নিজের বিধানসভা এলাকা জলমগ্ন। তারই তদারকিতে ব্যস্ত থাকায় যেতে পারছেন না বলে সিবিআইকে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিধায়ক।
তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের পর আইকোর মামলায় রাজ্যের আরেক মন্ত্রী মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। সোমবার বেলা ১২ টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছিল মানস ভুঁইয়াকে।
সিবিআই সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। আইকোর কর্তার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, কোনও আর্থিক লেনদেন ছিল কি না, এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।