কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের অস্বস্তি তৈরি হল সিপিএমের অন্দরে। জানা গিয়েছে, পার্টি সংগঠনের কাঠামোগত রদবদলের দাবিতে সরব হয়েছেন এই প্রবীণ বামপন্থী নেতা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে এই নিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি৷ যদিও কান্তিবাবুর দাবি, তিনি কোনও চিঠি পাঠাননি। যা বলার প্রকাশ্যেই বলেছেন।
তবে আগামী মঙ্গলবার যে তাঁর সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান তথা রাজ্য সিপিএমের শীর্ষ নেতা বিমান বসুর বৈঠক হওয়ার কথা, তা মেনে নিয়েছেন কান্তি৷ উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে কান্তি গঙ্গোপাধ্যায়ের আত্মজৈবনিক বই। তার প্রি বুকিং চলছে। সেই বই নিয়েও প্রবীণ নেতার সঙ্গে কথা বলতে পারেন বিমান বসু।
নির্বাচনী বিপর্যয়ের পর প্রথমে তন্ময় ভট্টাচার্য সিপিএমের অন্দরে দলীয় নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছিলেন। তাঁর পরে মুখ খোলেন কান্তি। রাজ্যে বিজেপিকে প্রধান বিপদ হিসাবে চিহ্নিত না করায় নির্বাচনে খারাপ ফল হয়েছে বলে দাবি করেন তিনি।