করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার চার রাজ্য ও দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করেছিলেন। চার রাজ্যের তালিকায় নাম ছিল ঝাড়খণ্ডেরও। প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে। এর কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন হেমন্ত।
হিন্দিতে করা টুইটে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, 'আজ মাননীয় প্রধানমন্ত্রী ফোনে আমাকে নিজের মনের কথা (মন কি বাত) বলেছেন। আপনি যদি কাজের কথা বলতেন বা কাজের কথা শুনতেন তাহলে ভাল হত।'
এর পাল্টা হিসেবে শুক্রবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি টুইট করেন, 'মুখ্যমন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ হেমন্ত সরেন ও তাঁর সরকার। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য কিছুই করতে পারেনি।'