উলুবেড়িয়ার এক তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হল ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রতিবাদে বিডিও এবং নিরাপত্তারক্ষীদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়া এলাকার স্থানীয় তৃণমূল সমর্থক গৌতম ঘোষের বাড়ির সামনে থেকে গতকাল গভীর রাতে একাধিক ইভিএম পাওয়া গিয়েছে। গভীর রাতে নির্বাচন কমিশনের গাড়ি করেই ওই ইভিএম নিয়ে যাওয়া হয় তৃণমূল সমর্থকের বাড়ি। এক সেক্টর অফিসার নিজে ইভিএমগুলি নিয়ে যান তৃণমূল নেতার বাড়ি। গতকাল রাত ২টো নাগাদ নির্বাচন কমিশনের ওই গাড়ি যায় গৌতম ঘোষের বাড়ি। তাঁর এক প্রতিবেশী দেখতে পান ওই গাড়ি থেকে ইভিএমের বাক্স নামানো হচ্ছে। সন্দেহ হওয়ায় প্রতিবাদ করেন তিনি। তারপরই এলাকায় জড়ো হয়ে যান বিজেপি সমর্থকরা। অভিযুক্ত সেক্টর অফিসারকে আটক করে রাখেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ, এবং সিআরপিএফ। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও। ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। কমিশন জানিয়েছে, ওই চারটি ইভিএম ব্যবহার করা যাবে না।