নারদ মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতারি আসলে প্রতিহিংসার রাজনীতি, এমন অভিযোগ তুলে গেরুয়া শিবির ত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সোমবার ই-মেল করে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। দীপেন্দু জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দলত্যাগের জানিয়ে দিয়েছেন তিনি। নারদ মামলায় যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা ভাল লাগেনি বলেই প্রতিক্রিয়া দীপেন্দু বিশ্বাসের।
২০১৬ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন দীপেন্দু বিশ্বাস। এ বছর টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপেন্দু। যদিও বিজেপিও তাঁকে প্রার্থী করেনি। সংবাদমাধ্যমকে দীপেন্দু জানিয়েছেন, রবিবার রাতে পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।