দিল্লি থেকে ফিরেই এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ রবিবার নিজেই একথা জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, 'আগামীকাল (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে যাব।' জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন রাজ্যপাল। সেখানে সাংবাদিক বৈঠক করবেন তিনি। তারপর সেখান থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন।' সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। সেই ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধনখড়ের সফর৷ উল্লেখ্য, রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পরেই রবিবার তাঁর সঙ্গে দেখা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।