বিয়ের পিঁড়িতে বসেও রেহাই নেই৷ তখনও হাতে ল্যাপটপ। পুরোহিতের সামনেই বরবাবাজি অফিসের কাজে মহাব্যস্ত! সৌজন্যে ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতি। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। অনেকে তা দেখে হেসে লুটোপুটি যাচ্ছেন ঠিকই, তেমন অনেকের ভ্রু কুঁচকে যাচ্ছে চিন্তায়। অতিমারীর হাত ধরে কি আমাদের একান্ত ব্যক্তিগত সময়ও ঢুকে পড়ছে পেশাজীবন?
নেটমাধ্যমে যে ভিডিওটি শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসেও এক যুবক ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। বিয়ে থামিয়ে কোনওমতে 'ওয়ার্ক ফ্রম হোমে'র দায়িত্বটা আগে সেরে ফেলার চেষ্টা করেছেন তিনি। ইনস্টাগ্রামে দুলহানিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে এই ভিডিও। ক্যাপশনে লেখা— 'ওয়েলকাম টু ওয়েডিংস ’২১।'
লকডাউনে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়র্ক ফ্রম হোম। বাড়ি থেকে কাজ করার সুবিধা অনেক। ভিন্ শহরে থাকার হ্যাপা নেই, যাতায়তের খরচ লাগে না, কিন্তু তা বলে বিয়ের সময়ও কাজ! আঁতকে উঠেছেন নেট নাগরিকরা।