টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একদিকে গলফ গ্রিনের মতো অভিজাত এলাকা, অন্যদিকে বিস্তীর্ণ কলোনি অঞ্চল। তারই সঙ্গে কয়েকটি পকেটে রয়েছেন বড় সংখ্যক সংখ্যালঘু ভোটার। এক সময়ে এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন নিরঞ্জন সেনগুপ্ত, প্রশান্ত শূর বা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। গত বেশ কিছু বছর অবশ্য টালিগঞ্জ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের খাসতালুক। এবার কিন্তু লড়াই সেয়ানে সেয়ানে। অরূপের বিরুদ্ধে বিজেপির হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়র ভরসা গেরুয়া হাওয়া। লড়াইতে আছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষও। রাজ্যে বামপন্থীদের প্রার্থীতালিকায় টলিউডের একমাত্র প্রতিনিধি তিনিই। দুই তারকা প্রার্থীর লড়াইয়ের মাঝে তিনি কি কিছুটা লাইটওয়েট? বামেরা কি পারবে তাদের রক্তক্ষরণ বন্ধ করতে? উদ্বাস্তু ভোট কি আবার ফিরবে লাল পতাকায় আশ্রয়ে? নির্বাচনের ঠিক আগে এডিটরজির সঙ্গে কথা বললেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ।