বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর ফের তৃণমূলে ফিরতে চাইছেন একঝাঁক দলত্যাগী নেতা। তাঁদের মধ্যে উত্তরবঙ্গের সরলা মুর্মু বা অমল আচার্য যেমন আছেন, তেমনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী সোনালী গুহ। এবার 'ঘর ওয়াপসি'তে আগ্রহী এই নেতানেত্রীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের তরুণ মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সোস্যাল মিডিয়ায় একটি ফর্ম পোস্ট করেছেন তিনি। নাম- 'বেসুরো স্বীকারোক্তি ফর্ম'। জমা দেওয়ার স্থানের জায়গায় লেখা রয়েছে, 'নিজের বিবেক'। এরপর পর পর ৯ পয়েন্টে দলত্যাগীদের জন্য অস্বস্তিকর প্রশ্নমালা। কোনওটিতে লেখা 'বেসুরো হওয়ার কারণ' বা 'সুর ফিরে পাওয়ার কারণ', কোনওটিতে আবার তির্যক প্রশ্ন 'আপনি কি নিজেকে ধান্দাবাজ' মনে করেন?' নেট দুনিয়ায় এখন ভাইরাল দেবাংশুর এই ফর্ম।