মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে না দাঁড়াতেন, তাহলে এবারও রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র হত ভবানীপুর। ২০১৪ সালের লোকসভায় এই আসনে সামান্য ভোটে লিড নিয়েছিল বিজেপি। কিন্তু ২০১৬ সালে বিপুল ভোটে কংগ্রেসের দীপা দাশমুন্সিকে হারান মমতা। ২০১৯ সালে অবশ্য প্রায় সমান সমান ভোট পায় তৃণমূল ও বিজেপি। পাশের রাসবিহারী কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার ভবানীপুরে টিকিট দিয়েছেন মমতা। বিজেপি প্রার্থী করেছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। একদিকে মমতা প্রার্থী নন, অন্যদিকে কসমোপলিটান ভবানীপুরের কিছু পকেটের গেরুয়া হাওয়া- সবমিলিয়ে কড়া টক্কর দেওয়ার আশায় রয়েছে বিজেপি। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে লড়ছেন কংগ্রেসের মহম্মদ শাদাব খান।