UPSC’র সর্বভারতীয় চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের ‘ভোট সন্ত্রাস’ নিয়ে প্রশ্ন বিতর্কে এখনও সরগরম রাজনৈতিক মহল। আগেই বিষয়টির তীব্র নিন্দা করেছিলেন তৃণমূল (TMC) সাংসদরা। এবার ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ”এসব প্রশ্ন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আপত্তিকর। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন করে UPSC পরীক্ষার্থীদের যে বার্তা দেওয়া হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। এই প্রশ্নপত্র বিজেপির পছন্দ করে দেওয়া।”
CAPF-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের পরীক্ষায় বাংলার ‘নির্বাচনী হিংসা’ নিয়ে ২০০ শব্দের একটি নিবন্ধ লিখতে বলা হয়েছে। বাংলায় ‘ভোট সন্ত্রাস’, কৃষক বিক্ষোভ নিয়ে প্রশ্নের পাশাপাশি রাজনীতিতে পরিবারবাদ ব্যবসায় পরিণত হচ্ছে কি না, তা নিয়েও ব্যাখ্যামূলক প্রশ্ন এসেছে CAPF-এর ওই পরীক্ষায়। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে মমতা বলেন ” আমি বুঝি না, ইউপিএসসি-র মতো নিরপেক্ষ সংস্থা কীভাবে এই ধরনের প্রশ্ন করতে পারে! বিজেপির (BJP) পার্টি অফিসে প্রশ্নপত্র তৈরি হয়েছে। এই প্রশ্ন দেখে আমি ব্যথিত। পরীক্ষার্থী বা সাধারণ মানুষ এ নিয়ে আদালতে মামলা করতে পারে। জোর করে সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করবেন না। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না।”