তিনি দলে থাকবেন কিনা তা নিয়ে বিতর্কের মাঝেই আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কাঁধে শিল্পশহরের পুরভোটের দায়িত্ব তুলে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার আসানসোলে দলীয় বৈঠকে ছিলেন না বাবুল। তবে তাঁকে সেনাপতি করেই যে বিজেপি পুরভোটে লড়বে তা ঘোষণা করেছেন দিলীপ।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের বিজেপি-র পাখির চোখ এখন পুরভোট। মঙ্গলবার আসানসোলে বিজেপি-র জেলা কার্যালয়ে বৈঠক করে ২১ জনের কমিটি গঠন করা হয়েছে। তার মাথায় বাবুল আছেন। কমিটিতে রয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, দুর্গাপুরের বিধায়ক তথা বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই-সহ অনেকে।
সম্প্রতি তৃণমূল (এআইটিসি) এবং মুকুল রায়কে সম্প্রতি টুইটারে অনুসরণ (ফলো) করতে শুরু করেছেন বাবুল। তা নিয়ে দিলীপ জানান, তাঁকেও অনেকে ফলো করেন। কেউ কাউকে ফলো করতেই পারেন। টুইটারে ফলো করা ভাল। অন্য রকম ভাবে ফলো না করাই ভাল।