দল বদল করতেই মুকুল রায়কে 'গভীর জলের মাছ' বলে কটাক্ষ করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর তির্যক মন্তব্য, ব্যাডমিন্টনের শাটল ককের মতো এদিক-ওদিক করারও তো বয়স আছে! টুইটারে বাবুল লিখেছেন, 'আচ্ছা বলুন তো, রাজনৈতিক নেতাদের মানুষ অপছন্দ কেন করবে না? কোনও রাজনৈতিক নেতার থেকে 'নৈতিক' কিছু মানুষ আর আশা করে না। তাদের দোষও দেব না। দলও অনেকেই বদলায়, সেটাও ঠিক আছে। কিন্তু ব্যাডমিন্টনের শাটলের মতো এদিক ওদিক করার একটা বয়সও তো আছে। আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম..’। এরপর বাবুল আরও লেখেন, 'যাই হোক, মুকুলদা যে ধরণের ঘোলাজলে সাঁতার কাটতে ভালোবাসেন আর ‘গভীর জলের মাছ’ ধরেন, সেখানেই খুশি মনে ফিরে গেছেন এটা বেশ ভালোই হয়েছে!' শেষে ইংরেজিতে লিখেছেন, 'অনেক শুভেচ্ছা আপনাকে'।