তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'য় তাঁর কলামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। ওই পত্রিকায় অজন্তার উত্তর সম্পাদকীয় কলামের চতুর্থ তথা শেষ কিস্তি প্রকাশিত হয়েছে শনিবার। সেখানে মমতাকে 'জননেত্রী' হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাংলার রাজনৈতিক ইতিহাসে মমতাকে 'অন্যতম সেরা বাঙালি নারী' বলে উল্লেখ করেছেন অজন্তা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে পরবর্তীতে মমতার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার বিষয়ে বিশ্লেষণ করেছেন তিনি।
অজন্তা লিখেছেন, কী ভাবে বার বার কঠিন লড়াই জিতে 'অগ্নিকন্যা', 'দিদি', 'ঘরের মেয়ে' হয়ে উঠেছেন মমতা। সক্রিয় রাজনীতিতে তাঁর উত্থান বাংলার রাজনৈতিক পরিসরে মহিলাদের সামগ্রিক অবস্থানে বিপুল পরিবর্তন এনেছে বলে মতপ্রকাশ করেছেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন এসএফআই নেত্রী। অজন্তার লেখায় উঠে এসেছে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গও।
কন্যাশ্রী, রূপশ্রী বা সবলার মতো মহিলাদের জন্য তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মমতা বাংলার মেয়েদের আরও কাছের হয়ে উঠেছেন বলেও মত অনিল বিশ্বাসের মেয়ের। সিপিএম সূত্রের খবর, তৃণমূলের মুখপত্রে কেন লিখছেন সেই বিষয়ে দলের তরফে অজন্তার কাছে জবাব চাওয়া হতে পারে।